কক্সবাজারের ঈদগাঁওয়ে চাঞ্চল্যকর জাফর আলম হত্যাকাণ্ডের এক যুগ পর চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৯ ফেব্রুয়ারি) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২–এর বিচারক মো. নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
একই মামলায় মনজুরুল ইসলাম (৪৪)–কে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এছাড়া ফরিদুল হক ওরফে সোনা মিয়া (৪১)–কে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—একই এলাকার মৃত এজহার মিয়ার ছেলে নুরুল ইসলাম (৮০), আলী হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৪৫), সেলিম উল্লাহ (৪৮) এবং নুরুল ইসলামের ছেলে আশরাফুজ্জামান (৪৫)।
মামলার ৫ নম্বর আসামি আব্দুল জলিল ও ১০ নম্বর আসামি আলী হোসেন এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন।
প্রসঙ্গত, ২০১০ সালের ২৬ ডিসেম্বর ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাপিতখালী বাঁশকাটা এলাকার গোল্ডেন ফার্মের পূর্ব পাশে জায়গা–সংক্রান্ত বিরোধের জেরে নিকটাত্মীয় উপর্যুক্ত আসামিরা ধারালো অস্ত্র দিয়ে জাফর আলমকে গুরুতর আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত জাফর আলমের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার (৯ ফেব্রুয়ারি) এ রায় দেওয়া হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশীদ এবং নিহতের পরিবারের সদস্যরা।
এমএআর/
