ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে সরকার।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এই রুটে দুই দেশের মধ্যে সব ধরনের যাত্রী পারাপার বন্ধ থাকবে। বেনাপোল স্থলবন্দরের ইতিহাসে যাত্রী চলাচল বন্ধ রাখার এমন সিদ্ধান্ত এবারই প্রথম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর থেকে এই সীমান্ত দিয়ে যাতায়াত শুরু হয় এবং ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে তা আরও গতি পায়। দীর্ঘ এই সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, চরম রাজনৈতিক অস্থিরতা কিংবা বৈশ্বিক করোনাভাইরাস মহামারির ভয়াবহ দিনগুলোতেও বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কখনও পুরোপুরি বন্ধ হয়নি। তবে এবারের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ স্থগিত রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ রাখার সরকারি নির্দেশনা সংবলিত একটি চিঠি ইতিমধ্যে তার দফতরে পৌঁছেছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো যাত্রীকেই সীমান্ত অতিক্রম করতে দেওয়া হবে না।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, সরকারের পক্ষ থেকে জারি করা বিশেষ পরিপত্রের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সারা দিন বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকবে। তবে শুক্রবার ভোর ৬টা বাজার সঙ্গে সঙ্গে পুনরায় স্বাভাবিক নিয়মে ইমিগ্রেশন কার্যক্রম ও যাত্রী যাতায়াত শুরু হবে। নির্বাচনের দিন নিরাপত্তা ঝুঁকি এড়াতেই এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
টিএইচএ/
