রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সয়ার ইউনিয়নের সয়ার ডারারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ টি সিসি ক্যামেরা চুরি হয়েছে। মঙ্গলবার রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্কুলটির শিক্ষক করিম আলী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোনাব্বর হোসেন। তিনি জানান, সকালে বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে নতুন করে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসন। এবার এ আসনে জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল, বিএনপির মোহাম্মদ আলী সরকার এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮০ হাজার ৯২১ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮৮ হাজার ৬২৫ জন, পুরুষ ভোটার এক লাখ ৯২ হাজার ২৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। তারাগঞ্জ উপজেলার ১৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমএআর/
