নেত্রকোনায় ধানের শীষ ও ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতের এই ঘটনা ঘটে নেত্রকোনা-৩ আসনের কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে।
আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন— গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম এবং ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া। দুজনের বাড়ি একই ইউনিয়নের দেওপাড়া গ্রামে। তারা বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থক বলে জানা গেছে।
এদিকে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুঁইয়া অভিযোগ করে বলেন, তার পাঁচজন সমর্থককে হামলা করে আহত করা হয়েছে। তিনি দাবি করেন, প্রতিদিনই তাদের ওপর হামলা চালানো হচ্ছে এবং ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও তিনি প্রতিকার পাচ্ছেন না বলেও জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গারাউন্দ ও দেওপাড়া পাশাপাশি গ্রাম। নির্বাচনী আলোচনা চলাকালে মঙ্গলবার রাতে যুবদল নেতা আব্দুল হালিমের সঙ্গে ঘোড়া প্রতীকের অনুসারী গারাউন্দ গ্রামের বাসিন্দা আলমগীর মিয়ার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং ধানের শীষ ও ঘোড়া প্রতীকের সমর্থকরা এতে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হন।
কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ মেহেদী মাকসুদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেনাসদস্যরাও সেখানে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
এমএআর/
