চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হবে গাজার ‘বোর্ড অব পিস’ এর প্রথম বৈঠক

by Abid

চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হবে গাজার ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক। উদ্বোধনী দিনেই ৫০০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি পাওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় এই ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, ওয়াশিংটনে অনুষ্ঠেয় এই সম্মেলনে ২০টিরও বেশি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। ট্রাম্পের দাবি অনুযায়ী, গাজা পুনর্গঠনের জন্য সদস্য দেশগুলো এরই মধ্যে ৫০০ কোটি ডলার প্রদানের অঙ্গীকার করেছে। তবে কোন দেশ কত অর্থ দিচ্ছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি। মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে, এর মধ্যে যুক্তরাষ্ট্র এককভাবে ১০০ কোটি ডলার প্রদানের পরিকল্পনা করছে।

বিজ্ঞাপন
banner

অর্থনৈতিক সহায়তার পাশাপাশি গাজার নিরাপত্তা নিশ্চিতে একটি শক্তিশালী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (ISF) গঠনের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে। ট্রাম্প এই বাহিনীকে ‘ইতিহাসের সবচেয়ে কার্যকর আন্তর্জাতিক বাহিনী’ হিসেবে অভিহিত করেছেন। এখন পর্যন্ত একমাত্র ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে এই মিশনে বড় ধরনের অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। জাকার্তা নিশ্চিত করেছে যে, গাজায় মানবিক ও পুনর্গঠন সহায়তা দিতে তারা আগামী জুনের শেষে ৮ হাজার সেনার একটি বিশাল কন্টিনজেন্ট পাঠাবে। এই বাহিনী মূলত বেসামরিক নিরাপত্তা, চিকিৎসাসেবা এবং অবকাঠামো মেরামতে কাজ করবে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফার শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই ‘বোর্ড অব পিস’ গঠিত হয়, যা গত নভেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘রেজোলিউশন ২৮০৩’-এর মাধ্যমে সর্বসম্মত অনুমোদন পায়। ট্রাম্প নিজেই এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তুরস্ক, মিসর ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের প্রভাবশালী বেশ কিছু মুসলিম প্রধান দেশ এই শান্তি বোর্ডে যোগ দিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222