নতুন সরকারের প্রথম কর্মদিবস

by Fatih Work

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক পথচলা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসটি উৎসবমুখর হলেও প্রধানমন্ত্রীর জন্য রয়েছে অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সব রাষ্ট্রীয় কর্মসূচি।

বিজ্ঞাপন
banner

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সাভার এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। স্মৃতিসৌধ থেকে ফেরার পথে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানাবেন বলে দলীয় ও সরকারি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সকাল ও দুপুরে মাঠপর্যায়ের কর্মসূচি শেষ করে বেলা ১টার দিকে বাংলাদেশ সচিবালয়ে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায়ের জন্য সংক্ষিপ্ত বিরতি নেবেন তিনি। এরপর বিকেল ৩টায় নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান। নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আয়োজিত এই বৈঠকে সরকারের আগামীর কর্মপরিকল্পনা ও উন্নয়ন রোডম্যাপ নিয়ে প্রাথমিক আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিকেল ৪টায় সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। নতুন সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রথম কর্মদিবসের যাবতীয় রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দফতর ও সংস্থাকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222