এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
আসন্ন রমজানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। সাধারণ ক্রেতারা মনে করছেন, রমজানের আগে নিয়মিত এমন তদারকি চললে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর সাহস পাবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও অনিয়মের দায়ে ৭ জন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা অভিযানটি পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম এবং থানা পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “আসন্ন রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি দাম রাখছেন। এছাড়া অনেক দোকানে হালনাগাদ মূল্যতালিকা টাঙানো এবং পণ্যের ক্রয়ের ভাউচার সংরক্ষিত ছিল না। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি প্রতিষ্ঠান থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।”
তিনি আরও বলেন, “বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বা অতিরিক্ত মুনাফার আশায় যারা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এমএআর/
