তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করলেন তারেক রহমান

by Abid

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো দাফতরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ছুটির দিন হলেও প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ অফিস করার বিশেষ উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বিজ্ঞাপন
banner

নতুন কর্মদিবস শুরুর প্রাক্কালে প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়; প্রধানমন্ত্রী অনেককে ব্যক্তিগতভাবে নাম ধরে ডেকে কাছে টেনে নেন। দীর্ঘ সময় পর দেশের সরকারপ্রধানকে এত কাছে পেয়ে উপস্থিত অনেক কর্মচারীই আবেগাপ্লুত হয়ে পড়েন। দাফতরিক কাজের আনুষ্ঠানিক সূচনার আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.) সহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে প্রধানমন্ত্রী নির্ধারিত দাফতরিক কাজ সম্পাদনে তার কক্ষে প্রবেশ করেন। প্রশাসনের সর্বস্তরে কাজের গতি ফেরাতে ছুটির দিনেও প্রধানমন্ত্রীর এই অফিস করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222