আ.লীগ অভিযোগে নির্বাচিত কমিটি ভাঙায় মাধবপুরে চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

by Fatih Work

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পঞ্চায়েত কমিটি বাতিল করে নতুন এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে বাগান ব্যবস্থাপকের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বাগান এলাকায় উত্তেজনা ও বিভাজন সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পূর্বের কমিটি বাতিল ও নতুন এডহক কমিটি গঠনের চিঠি প্রকাশের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) কমিটি বাতিলের প্রতিবাদে চা শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। শ্রমিকদের দাবি, নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটি ভেঙে কোনো ভোট ছাড়াই এডহক কমিটি গঠন সম্পূর্ণ বেআইনি।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, কৃষক লীগ ও শ্রমিক লীগের সংশ্লিষ্টতার অভিযোগ এনে বাগান ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন আহমেদ পূর্বের পঞ্চায়েত কমিটি বাতিল করেন। নতুন এডহক কমিটিতে হেমন্তী তাঁতীকে সভাপতি এবং শাজাহানপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইমন মুর্মুকে উপদেষ্টা করা হয়েছে। এ সিদ্ধান্তের পর বাগানে দুটি পক্ষ তৈরি হয়েছে এবং তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সোমবার বাগান ব্যবস্থাপকের ওপর হামলার ঘটনাও ঘটে।

স্থানীয়দের প্রশ্ন, পঞ্চায়েত কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হওয়ার কথা। একজন বাগান ব্যবস্থাপক কীভাবে একতরফাভাবে কমিটি গঠন করেন? অভিযোগ রয়েছে, এ সংক্রান্ত চিঠির অনুলিপি হবিগঞ্জের পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে পাঠানো হলেও এনটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর কোনো প্রমাণ উল্লেখ নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক নেতা অভিযোগ করেন, ব্যবস্থাপক প্রায়ই শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তার বিরুদ্ধে গাছ ও চা পাতা পাচারের অভিযোগ রয়েছে। তার দাবি, পূর্বের কমিটির সদস্যরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না; মিথ্যা অজুহাতে কমিটি বাতিল করা হয়েছে।

স্থানীয় নারী উদ্যোক্তা চাঁদ সুলতানা শাবানা বলেন, আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ব্যবস্থাপক নিজের পছন্দের লোকজন দিয়ে কমিটি গঠন করেছেন। এতে বাগানে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তবে বাগান ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন আহমেদ বলেন, কিছু লোক ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তার ওপর হামলা করেছে। তিনি জানান, বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত।

শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেন জানান, শ্রমিকদের অভিযোগসহ যেকোনো বিধিবহির্ভূত কর্মকাণ্ড খতিয়ে দেখা হবে এবং তেলিয়াপাড়া চা বাগানের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222