এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি: জামালপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি-১) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলার দুটি স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর গ্রামের ফটিক শিকদারের ছেলে সাইদুর রহমান (৩৫) এবং জামালপুর সদর উপজেলার শেখের ভিটা এলাকার আব্দুল মুন্নার ছেলে রাশেদ মোশারফ বাবু (৩১), বনপাড়া এলাকার মুকুল মিয়ার ছেলে মো. মুন্না (৩২), মৃত আব্দুল বারেকের ছেলে আফ্রিদী ইসলাম (৩০) ও মৃত আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম রনি (৪২)।
অভিযান সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইদুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা, এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অন্যদিকে একইদিন রাত ৮টা ৪০ মিনিটে জামালপুর সদর উপজেলার ছনকান্দা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মো. মুন্না, আফ্রিদী ইসলাম, আরিফুল ইসলাম রনি ও রাশেদ মোশারফ বাবুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে ডিবির অভিযান অব্যাহত থাকবে।
জামালপুরের পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন জানান, জামালপুরকে মাদকমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।
হাআমা/
