দেশের ব্যাংকিং খাতে বিনিয়োগ ও ঋণের পরিধি বাড়াতে ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ দেওয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা তাদের কাছে থাকা সরকারি ট্রেজারি বন্ড ব্যাংকগুলোতে জামানত রেখে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ নির্দেশনা জারি করা হয়েছে। লিয়েনকৃত সরকারি বন্ডকে যোগ্য জামানত হিসেবে অন্তর্ভুক্ত করার পর বিভিন্ন ব্যাংক এই বন্ডের বিপরীতে ঋণ দেওয়ার আগ্রহ প্রকাশ করায় কেন্দ্রীয় ব্যাংক এই সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করল।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, ট্রেজারি বন্ডের বিপরীতে গ্রাহকদের ওভারড্রাফট (ওডি) বা মেয়াদি ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছু কঠোর নিয়ম মানতে হবে। ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার আগেই ‘ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার’ (এফএমআই) সিস্টেমে সংশ্লিষ্ট বন্ডটিতে লিয়েন মার্কিং নিশ্চিত করতে হবে। নীতিমালায় ঋণের সীমার বিষয়ে উল্লেখ করা হয়েছে যে, বন্ডের অভিহিত মূল্য বা ফেস ভ্যালুর সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া যাবে। তবে কোনোভাবেই সুদসহ ঋণের মোট স্থিতি বন্ডের অভিহিত মূল্যকে ছাড়িয়ে যেতে পারবে না। এটি নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও স্পষ্ট করেছে যে, ঋণের মেয়াদ কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট ট্রেজারি বন্ডের মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া একটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে বলা হয়েছে, ট্রেজারি বন্ড কেনবার উদ্দেশ্যে কোনো ব্যাংক কোনো গ্রাহককে ঋণ প্রদান করতে পারবে না। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
টিএইচএ/
