বর্ধিত মন্ত্রিসভায় এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে অন্তর্ভুক্তির দাবি রায়পুরাবাসীর

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি: নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে সম্ভাব্য বর্ধিত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন নরসিংদী জেলা ও রায়পুরা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মনে করেন, সুশিক্ষিত, সৎ ও ত্যাগী রাজনীতিক হিসেবে পরিচিত আশরাফ উদ্দিন বকুল মন্ত্রিসভায় স্থান পেলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এই অকুতোভয় সৈনিক দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সুশীল সমাজ ও সাধারণ মানুষের মতে, স্বাধীনতার পর এই প্রথম রায়পুরা আসনে বড় ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সাংগঠনিক দক্ষতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে স্থানীয় নেতারা জানান, নির্বাচিত হওয়ার পরপরই তিনি রায়পুরা পৌরসভাকে টোলমুক্ত ঘোষণা করে সাধারণ মানুষের মাঝে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এছাড়া মেঘনা নদীর খেয়াঘাটে ইজারার নামে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে যাত্রীসাধারণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করেছেন তিনি। রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বলেন, নবীন সংসদ সদস্যদের মধ্যে মেধাবী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে আশরাফ উদ্দিন বকুল মন্ত্রিসভায় স্থান পাওয়ার যোগ্য দাবিদার। তার অন্তর্ভুক্তিতে দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাস দমনে প্রশাসন আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর থেকেই তাকে অভিনন্দন জানাতে জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ভিড় করছেন এবং এলাকার নতুন রূপরেখা তৈরিতে তার পাশে থাকার অঙ্গীকার করছেন।

বিজ্ঞাপন
banner

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল জানান, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি গর্বিত এবং দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। তার প্রধান লক্ষ্য হলো শহীদ জিয়ার আদর্শ ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রায়পুরার পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে, তার এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, নারী নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন।

তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেলসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও তাঁতীদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সংহতি প্রকাশ করেছেন। রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশসহ স্থানীয় নেতৃবৃন্দ মনে করেন, আশরাফ উদ্দিন বকুলের মতো একজন দক্ষ প্রকৌশলী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মন্ত্রিসভায় থাকলে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং তৃণমূলের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তা মাইলফলক হিসেবে কাজ করবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222