২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিল করে প্রজ্ঞাপন

by Abid

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত বিদ্যমান লটারি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি পদ্ধতি বাতিল ঘোষণা করেছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) মন্ত্রণালয়ের উপসচিব মুন্না রাণী বিশ্বাস স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, বর্তমানে চলমান লটারি পদ্ধতিটি ২০২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত বহাল থাকলেও পরবর্তী বছর থেকে এটি আর কার্যকর থাকছে না। লটারি পদ্ধতি বাতিলের পাশাপাশি ইতঃপূর্বে গত ১৩ ও ১৯ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা ভর্তি সংক্রান্ত নীতিমালা দুটিও নির্দেশক্রমে বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, লটারি পদ্ধতি বাতিলের পর অংশীজনদের মতামতের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট মহলে আলোচনার মাধ্যমে নতুন ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করতে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই পরিবর্তন আনা হচ্ছে। মেধা যাচাই বা অন্য কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির বিষয়টি এখন গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার। এর ফলে দীর্ঘ কয়েক বছর পর পুনরায় প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বা অন্য কোনো মেধাভিত্তিক প্রক্রিয়ায় শিক্ষার্থীরা পছন্দের বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, শিক্ষার মানোন্নয়ন এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই লটারি প্রথা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, লটারি পদ্ধতির পরিবর্তে কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হবে, তা নিয়ে দ্রুতই বিশেষজ্ঞদের সাথে বসে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের মাধ্যমিক শিক্ষা স্তরে ভর্তির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, যা আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সারাদেশে একযোগে কার্যকর হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222