গাজীপুরে শিল্পকারখানা ছুটি: মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

by Abid

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানা ছুটি হওয়ায় মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরের পর থেকেই যাত্রীদের চাপে মহাসড়কগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হঠাৎ করে যাত্রীর চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ায় বিভিন্ন সড়কে যানবাহন চলছে অত্যন্ত ধীরগতিতে, আবার কোথাও কোথাও ১০ থেকে ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই সুযোগে দূরপাল্লার পরিবহনগুলো সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুরের প্রায় দুই হাজার শিল্পকারখানায় আজ দুপুর ১২টা পর্যন্ত কাজ শেষে শ্রমিকদের ছুটি দেওয়া হয়, যার ফলে দুপুরের পর থেকেই মহাসড়কে মানুষের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

বিজ্ঞাপন
banner

যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, অতিরিক্ত চাপের কারণে তীব্র পরিবহন সংকট তৈরি হয়েছে। গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিক আসমা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রংপুর যাওয়ার জন্য ১ হাজার ৬০০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে। বোনাসের টাকা তো আসা-যাওয়ার ভাড়াতেই শেষ হয়ে যাচ্ছে।’ চন্দ্রা মোড়ে অপেক্ষমান যাত্রী করিম মিয়া জানান, সিরাজগঞ্জের স্বাভাবিক ৩০০ টাকার ভাড়া আজ ৮০০ টাকা দাবি করা হচ্ছে। যাত্রীদের জিম্মি করে এভাবে বাড়তি টাকা নেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, এই যাত্রীর চাপ আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকা কোনাবাড়ী-নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, অতিরিক্ত যাত্রীর চাপের কারণে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক আজ সকালে গাজীপুরের চন্দ্রা এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, ‘আমরা অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি কড়া নজরদারিতে রেখেছি। কোনো পরিবহনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ মোতায়েন রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222