গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধর, জামায়াত নেতা মিজান গ্রেপ্তার

by Abid

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ আট পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার ভোরে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি যৌথ দল অভিযান চালিয়ে পৌর শহরের গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মিজান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের বর্তমান সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং পূর্বে ১৩/১৪ সালে পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।

বিজ্ঞাপন
banner

ঘটনার বিবরণীতে জানা যায়, গত ২৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশসহ কয়েকজন একটি দোকানের মালিকানা সংক্রান্ত অভিযোগ নিয়ে থানায় যান। পুলিশের দাবি অনুযায়ী, জামায়াত নেতা পলাশ কালিবাড়ী বাজারে সরকারিভাবে বরাদ্দকৃত একটি বিতর্কিত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য ওসির ওপর চাপ প্রয়োগ করেন। ওসি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এসিল্যান্ডের এখতিয়ারভুক্ত বলে জানালে উপস্থিত জামায়াত নেতারা ক্ষিপ্ত হয়ে ওসির ওপর চড়াও হন। একপর্যায়ে তারা ওসিকে মারধর শুরু করেন এবং উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যরা বাধা দিতে গেলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। এই হামলায় এক নারী কনস্টেবলসহ পুলিশের অন্তত আটজন সদস্য আহত হন।

এই নজিরবিহীন হামলার ঘটনায় ২৬ মার্চ পলাশবাড়ী থানার আহত সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২-১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে পলাশবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের বায়তুল মাল সম্পাদক পলাশ আহমেদকে (৩৫)। এছাড়া মাহফুজ রহমান সিনহা, তৌহিদুল ইসলাম কানন ও মেহেদী হাসানসহ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। ঘটনার দিনই তৌহিদুল ইসলাম কাঁকন নামে একজনকে আটক করা হয়, যিনি নিজেকে ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে জামায়াত নেতা মিজানকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় এখন পর্যন্ত মোট দুজনকে গ্রেপ্তার করা হলো। মামলার প্রধান আসামিসহ পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে থানা ও ডিবি পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222