বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীতে পরিবহন খাতে বিদ্যমান নানা সংকট, লোকাল যাত্রী পরিবহন নিয়ে বিরোধ, মোবাইল কোর্টের অভিযান ও চাঁদাবাজির অভিযোগ তুলে ধরে পরিবহন মালিক ও শ্রমিকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা পরিবহন খাতের অস্থিরতা নিরসনে প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর সমাধানের দাবি জানান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. সারোয়ার হোসেন মৃধা। মো. লিটন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিবহন খাতের বর্তমান নাজুক চিত্র তুলে ধরেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত বক্তারা অভিযোগ করেন, নীলাচল পরিবহন ইটাখোলা থেকে গাউছিয়া পর্যন্ত নিয়মবহির্ভূতভাবে লোকাল যাত্রী বহন করছে। এর পাশাপাশি সিএনজি ও থ্রি-হুইলারগুলোও একইভাবে লোকাল যাত্রী পরিবহন করায় নিয়মিত রুটের বড় পরিবহন মালিক ও শ্রমিকরা চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। মালিকদের দাবি, প্রায় ২০ লাখ টাকা বিনিয়োগ করে একটি গাড়ি রাস্তায় নামিয়েও দিনশেষে আয় ৫০০ টাকায় নেমে আসছে, যা দিয়ে ঋণের কিস্তি ও জীবিকা নির্বাহ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেক মালিক ও শ্রমিক বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। এছাড়া সন্ধ্যার পর মোবাইল কোর্টের ঘনঘন অভিযান পরিবহন সংশ্লিষ্টদের জন্য নাভিশ্বাস হয়ে উঠেছে বলে তারা উল্লেখ করেন।
পরিবহন নেতারা আরও অভিযোগ করেন, রাজপথে এখনো চাঁদাবাজদের দৌরাত্ম্য ও হুমকি বিদ্যমান রয়েছে, যা স্বাভাবিক ব্যবসা পরিচালনার পথে বড় অন্তরায়। প্রধান অতিথির বক্তব্যে মো. সারোয়ার হোসেন মৃধা বলেন, নির্বাচনকে সামনে রেখে নীলাচল পরিবহন রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিবন্ধন পেয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি পরিবহন খাতের শৃঙ্খলা ও স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনা করে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ইসমাইল হোসেন সরকার ও সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. মাসুদ মিয়া, আ. লতিফ, মো. আবদুল্লাহ, মশিউর রহমান বশির, ফিরোজ খান, কাজী শহিদুল্লাহ, মো. কাউছার আহমেদ, মো. মোতালিব ও মো. ইয়াছিন। এছাড়া উপস্থিত ছিলেন মহিউদ্দিন মাহি ও খন্দকার উমায়ের রায়হান শাহিনসহ স্থানীয় পরিবহন নেতৃবৃন্দ।
টিএইচএ/
