কুষ্টিয়ায় শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

by Abid

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মুফতি আমির হামজাকে কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে তোপের মুখে পড়তে হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে কলেজের একটি অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীদের একাংশ তাকে ঘিরে ‘ভুয়া’ স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয়। সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘটনাকে ‘অবরুদ্ধ’ বলে দাবি করা হলেও পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।

বিজ্ঞাপন
banner

কলেজ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির হামজা। তিনি টুর্নামেন্ট উদ্বোধন করতে মঞ্চে উঠলে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল যুবক সেখানে জড়ো হয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন। পরে তিনি টুর্নামেন্ট উদ্বোধনের জন্য খেলার মাঠে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে পুনরায় ঘিরে ধরেন এবং মাঠের মাঝখানে বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। উদ্ভূত পরিস্থিতিতে কলেজের অধ্যক্ষ দ্রুত সংসদ সদস্যকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের উপস্থিতিতে সংসদ সদস্য আমির হামজা অধ্যক্ষের কার্যালয় থেকে বেরিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

অন্যদিকে, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, কলেজে উত্তেজনার খবর পেয়ে তিনি ফোর্সসহ অধ্যক্ষের কার্যালয়ে যান। সেখানে তিনি সংসদ সদস্যকে অধ্যক্ষের সাথে আলাপ করতে দেখেন। তবে তাকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, পুলিশের সহযোগিতায় এমপি আমির হামজা স্বাভাবিকভাবেই ক্যাম্পাস ত্যাগ করেছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222