কাবুলে শনিবার আয়োজিত এক সম্মেলনে আফগানিস্তান ও উজবেকিস্তানের বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এসব সমঝোতার মোট মূল্য ১০ কোটি ডলারের বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সম্মেলনে দুই দেশের ব্যবসায়ী নেতা ও সরকারি কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য বাড়ানো এবং নতুন বিনিয়োগের সুযোগ খুঁজে বের করার বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরুদ্দিন আজিজি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তান ও উজবেকিস্তানের অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। তিনি বলেন, আঞ্চলিক বাণিজ্য সম্পর্ক জোরদার এবং বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরিতে আফগানিস্তান সক্রিয়ভাবে কাজ করছে।
আজিজি আরও বলেন, পর্যাপ্ত শ্রমশক্তি এবং বিভিন্ন খাতে সম্ভাবনাময় সুযোগ থাকায় আফগানিস্তানে বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। যৌথ উদ্যোগে বিদেশি অংশীদারদের বিনিয়োগে আফগানিস্তান প্রস্তুত বলেও জানান তিনি।
আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত এক বছরে সরকার বিভিন্ন খাতে প্রায় ২০০ কোটি ডলারের বিনিয়োগ সহায়তা করেছে। এতে দেশটির অর্থনীতিতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলে দাবি করা হয়।
অন্যদিকে উজবেক প্রতিনিধি দলও আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তারা এসব চুক্তিকে আঞ্চলিক সহযোগিতা গভীর করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।
উজবেকিস্তানের কারাকালপাকস্তান প্রতিনিধি দলের প্রধান আমানবায় অরিনবায়েভ বলেন, তার দেশ দীর্ঘমেয়াদি, স্বচ্ছ ও নির্ভরযোগ্য অর্থনৈতিক অংশীদারিত্বে গুরুত্ব দেয়। তিনি আফগান ব্যবসায়ীদের যৌথ বিনিয়োগের সুযোগ কাজে লাগিয়ে নতুন আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান জানান।
আফগানিস্তানের বেসরকারি খাত এসব সমঝোতাকে স্বাগত জানিয়েছে। তারা আশা করছে, বাণিজ্যিক সম্পৃক্ততা ও ব্যবসায়িক বিনিময় বাড়লে দুই প্রতিবেশী দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
কর্মকর্তারা জানান, আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে সই হওয়া চুক্তিগুলোর মোট মূল্য এখন ১৫০ কোটি ডলার ছাড়িয়েছে। এসব প্রতিশ্রুতি কার্যকরভাবে বাস্তবায়ন হলে আফগানিস্তানে বাণিজ্য প্রবাহ বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আারিয়ানা নিউজ
অনুবাদ: আমানুল্লাহ নাবিল মামদুহ
হাআমা/
