যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে বলে জানিয়েছে ইরান। আজ রোববার পাকিস্তানের মাধ্যমে এ জবাব দেওয়া হয়েছে বলে বিবিসি, আল-জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পরই তারা এর জবাব দেবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা লিখেছে, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আলোচনার এই পর্যায়ের মূল লক্ষ্য হবে এই অঞ্চলের যুদ্ধ বন্ধ করা।
সংবাদমাধ্যমটি আরও বলেছে, ‘যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ খসড়ার বিপরীতে রোববার পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের জবাব পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।’ তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানায়নি দেশটির এই সরকারি সংবাদমাধ্যম।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি কামাল হায়দার বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো প্রস্তাব পাওয়ার তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান।
প্রসঙ্গত, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানকে এই নতুন প্রস্তাবটি দেয়। এরপর থেকে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন, তেহরানের জবাবের অপেক্ষায় আছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া এই সর্বশেষ পরিকল্পনাটি মাত্র এক পাতার একটি প্রস্তাব, যেটিতে ১৪টি অনুচ্ছেদ য়েছে।
হাআমা/
