ফরিদাবাদ মাদরাসা ও আজগর আলী হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি

আব্দুল্লাহ কাসিম আজওয়াদ

by hsnalmahmud@gmail.com

রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠান আজগর আলী হাসপাতাল এবং দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ’-এর মধ্যে একটি কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার শিক্ষক মাওলানা মানযুরুল হাসান যুবায়ের ৩৬ নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, এই চুক্তির আওতায় ফরিদাবাদ মাদরাসার সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অধ্যয়নরত শিক্ষার্থী এবং তাদের যোগ্য নির্ভরশীলগণ আজগর আলী হাসপাতাল থেকে বিশেষ কর্পোরেট সুবিধায় (ডিসকাউন্ট) উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

কারা এবং কী কী সুবিধা পাবেন

চুক্তির বিবরণী অনুযায়ী, মাদরাসার শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং এনরোলড (নথিভুক্ত) শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় পড়বেন।

ল্যাব টেস্ট ও এক্স-রে/ইমেজিং: আউট-পেশেন্ট (বহির্বিভাগ) এবং ইন-পেশেন্ট (অন-বেড ভর্তি) উভয় ক্ষেত্রেই সব ধরনের ল্যাব ইনভেস্টিগেশন এবং রেডিওলজি ও ইমেজিংয়ে ১০% ডিসকাউন্ট বা ছাড় পাওয়া যাবে।

বেড ভাড়া: হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে সব ধরনের বেড-ট্যারিফের ওপর ৫% ছাড় মিলবে।

ওষুধ: হাসপাতালের ওপিডি মডেল-ফার্মেসি থেকে ওষুধ ক্রয়ের ক্ষেত্রে ৩% ছাড় পাওয়া যাবে (তবে এটি আমদানিকৃত ওষুধের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।

নির্ভরশীলদের সুবিধা

শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে তাঁদের স্বামী/স্ত্রী, বাবা-মা এবং অনূর্ধ্ব ১৮ বছর বয়সী সর্বোচ্চ দুজন সন্তান এই সুবিধা পাবেন। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র তাঁদের বাবা-মা এই সুবিধার আওতাভুক্ত হবেন।

যেভাবে সুবিধা গ্রহণ করা যাবে

মাদরাসার ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁদের নিজস্ব প্রাতিষ্ঠানিক আইডি কার্ড (যা শিগগিরই প্রদান করা হবে ইনশাআল্লাহ) অথবা মাদরাসার তালীমাত (শিক্ষা বিভাগ) থেকে নির্দিষ্ট ফরম সংগ্রহ করে এই বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণ করতে পারবেন। নির্ভরশীলদের ক্ষেত্রে মূল চাকুরিজীবী বা শিক্ষার্থীর আইডি কার্ডের পাশাপাশি এনআইডি (জাতীয় পরিচয়পত্র) বা জন্ম সনদের কপি প্রদর্শন করতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই যৌথ উদ্যোগটি একদিকে যেমন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে, অন্যদিকে একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আজগর আলী হাসপাতালের ক্রমাগত অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করবে।

তবে জরুরি বিভাগ (ইমার্জেন্সি), ডে-কেয়ার, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, অডিওমেট্রি, ফাইব্রোস্ক্যান, ইউরিয়া ব্রেথ টেস্ট, ইউরোফ্লোমেট্রি, ডক্টর কনসালটেশন ফি এবং সরকারি নিয়ম অনুযায়ী অনুমোদিত টেস্ট ও ট্যারিফের ক্ষেত্রে এই ডিসকাউন্ট প্রযোজ্য হবে না।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222