মানিকগঞ্জ প্রতিনিধি :: বৃষ্টি মাথায় নিয়েই আবার শুরু হয়েছে দুই নৌরুটে ফেরি চলাচল। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে বন্ধ থাকার এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়।
বুধবার (২৭ মে) সকাল ৭টা ১০ মিনিটে বৈরী আবহাওয়া শুরু হলে নিরাপত্তার স্বার্থে এই দুই নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
তখন বিআইডব্লিউটিসির জিএম সালাম মিয়া জানিয়েছিলেন, ঝড় ও বৃষ্টির কারণে নিরাপত্তার স্বার্থে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি ও লঞ্চ চলাচল আবার চালু করা হবে।
পরে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে এক ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
ঘাট কর্তৃপক্ষ জানায়, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২৩টি ফেরি, ৩২টি লঞ্চ ও ৬৭টি স্পিডবোট চলাচল করে।
