ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবি-তে ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)। নিহতদের মধ্যে একজন সংবাদ সম্পাদক ও অপরজন প্রশাসনিক কর্মকর্তা।
মঙ্গলবার (১৭ জুন) প্রকাশিত প্রতিবেদনে আইআরএনএ জানায়, নিহত সংবাদ সম্পাদকের নাম নিমা রজবপুর এবং প্রশাসনিক কর্মকর্তার নাম মাসুমেহ আজিমি।
এর একদিন আগে, সোমবার (১৬ জুন) ইসরায়েলের যুদ্ধবিমান থেকে আইআরআইবি চ্যানেলে বোমা হামলা চালানো হয়। হামলার সময়ের একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—স্টুডিওতে এক নারী সংবাদ পাঠিকা সংবাদ পড়ার সময় হঠাৎ বিস্ফোরণের শব্দে পুরো স্টুডিও কেঁপে ওঠে। মুহূর্তেই ধুলায় ছেয়ে যায় চারপাশ, এবং সংবাদ পাঠিকা দ্রুত উঠে গিয়ে নিরাপদ স্থানে সরে যান।
এই হামলায় সংবাদ মাধ্যমের নিরাপত্তা এবং সাংবাদিকদের ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
হাআমা/
