পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের বিরুদ্ধে মামলা করার জন্য সিপিও (সিটি পুলিশ অফিসার)-এর কাছে আবেদন জমা দিয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) জিও নিউজ সূত্রে জানা গেছে, ইমরান খানের আইনজীবী তাবিশ ফারুক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিপিও কার্যালয়ে আবেদনপত্র পাঠান। ওই আবেদনে কারাগারে ইমরান খানকে যথাযথ সুবিধা না দেওয়ার অভিযোগ উত্থাপন করা হয়েছে।
আইনজীবী মরিয়ম নওয়াজসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুরোধ জানিয়েছেন। মামলার আবেদনে জেল সুপারিনটেনডেন্ট, এএসপি জয়নব, এসএইচও এজাজসহ মোট আটজনকে অভিযুক্ত করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, মরিয়ম নওয়াজের নির্দেশে কারাগারে ইমরান খানকে বন্দির মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এমনকি তার সেলে আলোর ব্যবস্থা নেই এবং পরিবারকেও সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না। ইমরান খানের বিরুদ্ধে নেওয়া এসব পদক্ষেপ মরিয়ম নওয়াজের প্ররোচনায় করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
সূত্র: জিও নিউজ
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
