ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খেলাধুলাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন বলে অভিযোগ তুলেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। এশিয়া কাপ জয়ের কৃতিত্বকে তথাকথিত ‘অপারেশন সিদুর’ এর সঙ্গে যুক্ত করার পর কংগ্রেস মোদিকে কঠোর সমালোচনার মুখে ফেলেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে জানা গেছে, কংগ্রেস নেতা অতুল পটেল বলেন, খেলাকে যুদ্ধের বয়ানের সঙ্গে মেলানো একেবারেই অগ্রহণযোগ্য। প্রশ্ন হচ্ছে, মোদির কি পররাষ্ট্রনীতি আর কূটনীতি সম্পর্কে কোনো ধারণা আছে?
তিনি আরও বলেন, যদি খেলা হয় তবে তা খেলার চেতনা ও স্পোর্টসম্যানশিপের মধ্যেই থাকা উচিত ছিল, যুদ্ধ প্রচারণার হাতিয়ার বানানো উচিত হয়নি।
মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সপকালও মোদির সমালোচনা করে বলেন, ‘মোদি হাওয়া, পানি কিংবা খেলা, সর্বত্রই রাজনীতি আর বিভাজন টেনে আনেন।’
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দেশের মর্যাদা রক্ষার পরিবর্তে মোদি খেলাধুলোকেও রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর এজেন্ডায় ব্যবহার করছেন।
এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মোহসিন নকভিও কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, ‘যুদ্ধকে খেলাধুলার সঙ্গে জুড়ে দেওয়া হতাশার বহিঃপ্রকাশ।’
সূত্র: জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
