দেশে এখনো টেকসই ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে ওঠেনি : পরিকল্পনা উপদেষ্টা

by Nur Alam Khan

দেশে এখনো একটি টেকসই ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও এখনো আমরা এমন একটি স্থায়ী রাজনৈতিক কাঠামো গড়তে পারিনি, যা জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করে। ফলে বর্তমান বাস্তবতায় কিছু মৌলিক ও সীমিত লক্ষ্য অর্জনই এখন প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে আলোচ্য ছিল ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড সি. এঙ্গারম্যানের বই ‘Apostles of Development: Six Economists and the World They Made’, যেখানে দক্ষিণ এশিয়ার ছয় প্রভাবশালী অর্থনীতিবিদের চিন্তাধারা তুলে ধরা হয়েছে।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একটি অর্থবহ ও জবাবদিহিমূলক গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন টেকসই হতে পারে না। এ জন্য স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী সংসদ ও সুশাসন নিশ্চিতকারী জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি।

তিনি আরো বলেন, রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে না পারলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

বাজারভিত্তিক অর্থনীতি থেকে সরে আসা সম্ভব নয়, কিন্তু রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যেন এই বাজারব্যবস্থা ন্যায্যতা ও সামাজিক সমতা রক্ষা করে।

অর্থনীতিবিদরা সতর্ক করে বলেন, নিয়ন্ত্রণহীন বাজারব্যবস্থা উগ্র পুঁজিবাদের দিকে নিয়ে যেতে পারে, যা সমাজে গভীর বৈষম্যের জন্ম দেয়। তাই আয় ও ক্ষমতার ভারসাম্য আনাই ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠার মূল চাবিকাঠি বলে মত দেন বক্তারা।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ মনে করেন, গণতান্ত্রিক উত্তরণ সফল হলে ভবিষ্যতে নীতি নির্ধারণের নতুন অধ্যায় শুরু হবে।

তখন রাজনৈতিক দলগুলোকে নিজেদের আদর্শ ও অবস্থান নতুনভাবে নির্ধারণ করতে হবে—কে বাম, কে ডান, কে মধ্যপন্থী।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান প্রফেসর রহমান সোবহান। অনুষ্ঠানটি সঞ্চালনায়  পরিচালনা করেন বিআইডিএসের মহাপরিচালক প্রফেসর এ. কে. এনামুল হক।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222