এক কৃষক মসজিদে ১ লিটার দুধ দান করেন। সেই দুধ নিলামে উঠায় মসজিদ পরিচালনা কমিটি। ক্রেতাদের হাঁক-ডাক শেষে ১৩ হাজার টাকায় দুধ কিনে নেন স্থানীয় এক যুবক।
গতকাল (৩১ অক্টোবর) শুক্রবার ঘটনাটি ঘটে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া এলাকায়।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া হোসাইনিয়া জামে মসজিদে ১ লিটার দুধ দান করেন এক কৃষক। সেই দুধ জুমার নামাজের আগে নিলামে উঠায় মসজিদ পরিচালনা কমিটি। দুধ কিনতে প্রথমে ২০০ টাকা দাম হাঁকেন এক মুসল্লি। পরে আরও ৪-৫ জন মুসল্লি শুরু করেন দাম বাড়ানোর প্রতিযোগিতা।
শেষে ১২ হাজার টাকা দাম হাঁকেন মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ইদ্রিস মিয়া। সেই দাম ছাড়িয়ে ১৩ হাজার টাকায় দুধ কেনেন ফ্রিল্যান্সার মনিরুজ্জামান দুর্জয়। পরে তিনি ওই দুধ একজন গরিব মানুষকে দান করেন।
এ বিষয়ে আল-হোসাইনিয়া জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম বলেন, ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ রয়েছে।
এআইএল/
