সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকদল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টার পর তারা হাসপাতালে প্রবেশ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চীনা বিশেষজ্ঞরা খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন এবং চিকিৎসা-সংক্রান্ত পরামর্শ দেবেন।
এর আগে বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রায় আধা ঘণ্টা তিনি হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে সক্ষম আছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা–সহ দীর্ঘদিনের বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হতে থাকে।
এদিকে, গত সোমবার খালেদা জিয়াকে ‘ভিআইপি’ বা ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হলে পরবর্তীতে গেজেট জারি করা হয়। এরপর এসএসএফ তার জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিত করে।
টিএইচএ/
