ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের ভাই নূর ছালামকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুইটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মোট ৮টি মামলা রয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১২টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক। এর আগে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নুরবাগ এলাকা থেকে ৮টি মামলার পলাতক আসামি নূর সালামকে পুলিশের একটি দল গ্রেফতার করে।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় তার বোন রেহেনা বেগমের দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি নূর ছালাম। তিনি সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর আহ্বায়ক শাহ জালাল বাদলের বাবা। স্থানীয়দের অভিযোগ, নূর ছালাম ক্ষমতার দাপটে এলাকায় ভূমিদস্যুতার ব্যাপক রামরাজত্ব কায়েম করেছিলেন।
এমএআর/
