কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সামনে অবস্থিত প্রথম আলো পত্রিকার অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়। এ সময় অফিসের সাইনবোর্ড, একটি কক্ষের দরজা-জানালা এবং বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলা হয়। হামলার সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল বের করে একদল মানুষ। পরে তারা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর কর্মসূচি প্রত্যাহার করলে রাত ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ শেষ হওয়ার পর রাত দেড়টার দিকে প্রথম আলোর কুষ্টিয়া অফিসসহ শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ ধরনের বেশ কয়েকটি ঘটনার খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
টিএইচএ/
