চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। জনজীবনে তীব্র শীত অনুভূত হচ্ছে। মাত্র একদিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা কমেছে ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর প্রভাবে চারপাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, হিমেল বাতাস, ঘন কুয়াশা ও মেঘে ঢাকা আকাশের কারণে জেলাজুড়ে শীতের তীব্রতা বেড়েছে। বিশেষ করে অসহায় ও ছিন্নমূল মানুষ শীতের প্রকোপে চরম দুর্ভোগে পড়েছেন। দিনের বেলাতেও সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়কে মানুষের চলাচলও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরের হিম শীতল বাতাসের সঙ্গে কুয়াশা ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। দিনের বেলায় রোদের অভাব থাকায় শীতের প্রভাব আরও বেড়েছে। বুধবার সকাল ৬টায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের গতি বাড়ায় শীতের অনুভূতিও তীব্র হয়েছে।
তীব্র শীতের কারণে দিনমজুর ও ছিন্নমূল মানুষজন চরম ভোগান্তির মুখে পড়েছেন। শীত নিবারণের জন্য অনেককে খরকুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।
টিএইচএ/
