ভেনেজুয়েলার জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) বার্ষিক অধিবেশনে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডেলসি রদ্রিগেজ। এই শপথগ্রহণের মধ্য দিয়ে নতুন বছরের জন্য দেশটির আইনসভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডেলসি রদ্রিগেজ বলেন, অবৈধ সামরিক আগ্রাসনের কারণে ভেনেজুয়েলার জনগণ যে দুর্ভোগের শিকার হয়েছে, সেই বেদনাকে সঙ্গে নিয়েই তিনি দায়িত্ব গ্রহণ করছেন। এর আগে যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে মাদক ও অস্ত্র পাচারের মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিজেদের নির্দোষ দাবি করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে ম্যানহাটনের আদালতে তাদের হাজির করা হয়। শুনানিতে মাদুরো বলেন, তিনি একজন নির্দোষ ও সৎ মানুষ এবং এখনো তিনি তার দেশের বৈধ প্রেসিডেন্ট।
এর আগে একই দিন সকালে কয়েদিদের পোশাকে কঠোর নিরাপত্তার মধ্যে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হয় মাদুরো ও তার স্ত্রীকে। নিউইয়র্কের স্থানীয় সময় সকাল প্রায় ৮টার দিকে তাদের আদালতে উপস্থিত করা হয়।
টিএইচএ/
