স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পাকা সোনার মূল্য বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায় দাঁড়িয়েছে।
একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি রুপার দাম ৩৮৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার থেকে এ নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সোমবার (৫ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে গত ২৯ ডিসেম্বর দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছায় সোনা। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, যা আগের সব রেকর্ড ভেঙে দেয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৯৯ টাকা বেড়ে ২ লাখ ১৭ হাজার ৫৩৩ টাকা হয়েছে। ১৮ ক্যারেটের সোনার দাম ২ হাজার ৩৯১ টাকা বাড়িয়ে প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ৯৯ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৫৫ হাজার ৪২২ টাকায় দাঁড়িয়েছে।
টিএইচএ/
