আমি কওমি ঘরানার, আমার বাবা দেওবন্দের মাজহারুল উলুমের ফারেগ ছিলেন : সালাহউদ্দিন আহমেদ

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তিনি কওমি ঘরানার মানুষ এবং তার মরহুম পিতা একজন দেওবন্দি আলেম ছিলেন।

বিজ্ঞাপন
banner

সম্প্রতি একটি দ্বীনি প্রোগ্রামে উপস্থিত আলেম–ওলামাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা সবাই আমার প্রিয় মানুষ, অন্তরের মানুষ। আমি আপনাদেরই মতো কওমি ঘরানার। আমার মরহুম বাবা মাওলানা ছাঈদুল হক কওমি ধারার একজন আলেম ছিলেন। তিনি ভারতের দেওবন্দের মাজহারুল উলুম থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছিলেন। আমি আমার বাবাকে আমার জীবনের শিক্ষক হিসেবে অনুসরণ করি।’

তিনি বলেন, কওমি আলেম সমাজের সঙ্গে তার পারিবারিক ও আত্মিক সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক তিনি আজীবন লালন করে যাবেন।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির সাবেক মুখপাত্র ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী। বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে তিনবার কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৫ সালের ২৫ মার্চ ঢাকার উত্তরা এলাকা থেকে অপহৃত হওয়ার পর প্রায় দুই মাস নিখোঁজ ছিলেন সালাহউদ্দিন আহমেদ। পরে তাকে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে পাওয়া যায়।

প্রাথমিক জীবন ও শিক্ষা

সালাহউদ্দিন আহমেদ ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা ছাঈদুল হক এবং মাতা বেগম আয়েশা হক।

তিনি পেকুয়াতে প্রাথমিক শিক্ষা শেষ করে শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৭ সালে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ১৯৭৯ সালে এইচএসসি পাস করেন। ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে ১৯৮৪ সালে এলএলবি (সম্মান) এবং ১৯৮৬ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

তিনি ৭ম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালে সরকারি চাকরিতে যোগ দেন এবং পরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

রাজনীতি ও কর্মজীবন

ছাত্রজীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন। ১৯৯৬ সালে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।

তিনি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে চারদলীয় জোট সরকার গঠন করলে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

তিনি পেকুয়া উপজেলা প্রতিষ্ঠা, অবকাঠামো উন্নয়ন ও স্থানীয় প্রশাসনিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১০ সালে তিনি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং পরে জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222