আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>
‘ইসলাম: ভালো কিছু করি’ শিরোনামে সারাদেশব্যাপী একটি শিক্ষামূলক ও দাওয়াহভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ও প্রতিটি পরিবারের হাতে ইসলামের মৌলিক শিক্ষার একটি বই পৌঁছে দেওয়া।
উদ্যোগটির উদ্যোক্তা মুহাম্মাদ আতীক উল্লাহ জানান, প্রকল্পের আওতায় সারাদেশে মোট ৫ কোটি কপি বই বিতরণের পরিকল্পনা রয়েছে। এতে প্রতিটি পরিবারে অন্তত একটি বই এবং প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বই মুদ্রণ ও বিতরণে ব্যয় ধরা হয়েছে আনুমানিক ৫০ কোটি টাকা। পাশাপাশি পাঠচক্র, ঘরোয়া মজলিস, পরীক্ষা ও পুরস্কার কার্যক্রমে ব্যয় ধরা হয়েছে আরও ১৫০ কোটি টাকা। সব মিলিয়ে পুরো প্রকল্পের আনুমানিক ব্যয় ২০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
উদ্যোক্তারা আশা করছেন, এই কার্যক্রমের মাধ্যমে ইনশাআল্লাহ দেশের প্রতিটি ঘরে ইসলামের মৌলিক শিক্ষা পৌঁছাবে এবং ধর্মীয় সচেতনতা বৃদ্ধি পাবে।
এই মহতী উদ্যোগে ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অংশ নিতে পারবেন। দাতাদের সৌজন্য উল্লেখ করে বই মুদ্রণের সুযোগও রাখা হয়েছে।
উদ্যোগ সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি একটি স্কুলে গিয়ে দেখা গেছে, কোনো শিক্ষার্থীই কালিমা পাঠ করতে পারছে না। এ অভিজ্ঞতা থেকেই এই প্রকল্পের প্রেরণা এসেছে। উদ্যোক্তা শায়খ আতীক উল্লাহ বলেন, “প্রতিটি মাদরাসা, ইমাম ও আলিম যদি একটি করে স্কুলে কালিমার মেহনত শুরু করেন, তাহলে বড় পরিবর্তন আসতে পারে।”
এ বিষয়ে অর্পণ প্রকাশনের প্রকাশক মাওলানা তকি হাসান ৩৬ নিউজকে জানান, মুহাম্মাদ আতীক উল্লাহ দিন-রাত এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন এবং সম্প্রতি তিনি রংপুর বিভাগ সফরে গিয়েছেন প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে।
উদ্যোক্তারা আশা করছেন, সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ দেশের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে।
হাআমা/
