স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২১

by Fatih Work

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন যাত্রী। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় একশ’ জন, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছেন যে, দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলোর ভেতর আরও মরদেহ আটকে থাকতে পারে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এই দুর্ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে মালাগা শহর থেকে রাজধানী মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন যাত্রা শুরু করে। মাত্র ১০ মিনিটের মাথায় দক্ষিণাঞ্চলীয় শহর আদামুজের নিকটবর্তী এলাকায় ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার ভয়াবহতা বেড়ে যায় যখন লাইনচ্যুত বগিগুলো পাশের ট্র্যাকে গিয়ে পড়ে এবং ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রেন সেগুলোকে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়।

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এক বিবৃতিতে তিনি বলেন, “দেশ আজ এক গভীর বেদনার রাত অতিবাহিত করছে।” দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে পরিস্থিতি পরিদর্শন করে জানিয়েছেন, অন্তত ৩০ জন যাত্রী অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার ধরনকে তিনি ‘অত্যন্ত রহস্যজনক ও অদ্ভুত’ হিসেবে বর্ণনা করলেও এখন পর্যন্ত এর সুনির্দিষ্ট কোনো কারণ নিশ্চিত করতে পারেনি রেল কর্তৃপক্ষ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ট্রেনটিতে ৩০০ জন এবং দ্বিতীয় ট্রেনটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও জরুরি সেবা বিভাগ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এই দুর্ঘটনার জেরে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে সকল প্রকার রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আধুনিক স্পেনের ইতিহাসে এটি অন্যতম বড় ট্রেন বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

টিএইচএ/৩৬ নিউজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222