শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকা থেকে ৯৫টি ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনীর একটি দল।
নড়িয়া থানা সূত্র জানায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকার একটি বাড়িতে ককটেল রাখা হয়েছে এমন তথ্য আসে পুলিশের কাছে।
ওই এলাকার পেদা মসজিদের বারান্দা ঘর, ওই গ্রামের খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার ঘর থেকে ১২টি বালতিতে রাখা অবস্থায় ৯৫ টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ওই স্থান থেকে কয়েকটি টেটা, রামদা সহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা(১৮) নামের তিন ব্যক্তিকে আটক করেছে।
উপ-পরিদর্শক অখিল রঞ্জন সরকার উদ্ধারকৃত ককটেল, ধারালো অস্ত্র ও আটক তিন ব্যক্তিকে সকাল আটটার নড়িয়া থানায় হস্তান্তর করেন।
পুলিশ জানায়, গত বছর আগস্ট মাসে ওই এলাকা থেকে ৬০টি ককটেল উদ্ধার করেছিল পুলিশ। ওই ককটেল গুলো পুলিশের এন্টিটেরিজন ইউনিটের সদস্যরা নিস্ক্রিয় করে। নড়িয়ার পোড়াগাঁছার পাশের গ্রাম জাজিরার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দির একটি বাড়িতে গত ৮ জানুয়ারি ককটেল বিস্ফোরণে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। গত তিন দিনে নড়িয়া আরো তিনটি স্থান থেকে ২২ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া (ওসি) বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছে। বিভিন্ন স্থানে আমরা অভিযান চালাচ্ছি। অনেক সময় আমাদের কাছে গোপন সংবাদ আসে নাশকতার জন্য নানা ধরনের জিনিসপত্র রাখা হয়েছে। তখনই সেখানে অভিযান চালানো হয়। প্রতিটি ঘটনায় মামলা হচ্ছে, আসামি গ্রেপ্তার হচ্ছে। পোরাগাছা এলাকা থেকে যে ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে ওই ঘটনায় মামলা দায়ের করা হবে। আর ঘটনাটি ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। সেখানে এই ককটেল গুলো কি উদ্দেশ্যে কারা রেখেছিল তা খোঁজা হচ্ছে।”
এমএআর/
