সিল কেলেঙ্কারির পর লক্ষ্মীপুরে নিরাপত্তা যন্ত্রে হাত

by Fatih Work

লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল তৈরির ঘটনায় পর এবার একটি ভোটকেন্দ্রে স্থাপিত দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
banner

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। গত ২৯ জানুয়ারি বিকেল ৪টায় নির্ধারিত সময়ে স্কুল ছুটি দিয়ে শিক্ষকেরা চলে যান। এরপর টানা তিন দিন স্কুল বন্ধ ছিল। গত ২ ফেব্রুয়ারি (সোমবার) সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকেরা দেখতে পান, নিচতলায় স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটি খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সরেজমিনে গিয়ে একই চিত্র দেখা যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম বলেন, “বৃহস্পতিবার নিয়ম অনুযায়ী স্কুল বন্ধ করে আমরা বাড়ি চলে যাই। তিন দিন পর সোমবার এসে দেখি ভোটের জন্য লাগানো দুটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।”

এ ঘটনায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, “এটি সুস্থ ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় ধরনের বাধা। নির্বাচন যেন সুষ্ঠু না হয়, সে জন্য গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ কাজ করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাই।”

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, “যারা নির্বাচনে কারচুপি করতে চায় কিংবা ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টি করতে চায়, এটি তাদের নাশকতামূলক কার্যক্রমের অংশ হতে পারে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এটি সরিয়েছে, তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে।”

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা এই প্রতিবেদককে বলেন, “বিষয়টি আমার জানা আছে এবং এ বিষয়ে সদর থানায় অভিযোগ করা হয়েছে।”

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরোনো আদালত রোডের মারইয়াম প্রেস থেকে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল, একটি কম্পিউটার, একটি মুঠোফোনসহ সোহেল রানা (৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বুধবার দুপুরে স্থানীয় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফকে আসামি করে মামলা করে পুলিশ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222