এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপির শতাধিক নেতা-কর্মী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বরণ করে নেওয়া হয়। এ সময় নতুন যোগদানকারীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় জামায়াতে যোগদান করেন মেরুচর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মুনাহার আলী, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালামত উল্লাহ, বগারচর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদুর রহমান, মেরুচর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাবুল ইসলাম, মেরুচর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী, জামালপুর-১ আসনের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল (আরমান), উপজেলা এনসিপির আহ্বায়ক মোসাদ্দেকুর রহমান মানিক এবং পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন।
জামায়াতে যোগদান করা নেতারা বলেন, অনেক চিন্তা-ভাবনার পর তাঁরা জামায়াতে যোগ দিয়েছেন। ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে এই দল সঠিক ভূমিকা রাখছে বলে তাঁদের বিশ্বাস।
বকশীগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন বলেন, বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি তরুণ প্রজন্মের জামায়াতে যোগদানের প্রবণতা আগের চেয়ে বেড়েছে। এটি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
জামালপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী বলেন, মানুষ এখন নৈতিক রাজনীতির দিকে ঝুঁকছে। এই যোগদান বকশীগঞ্জে জামায়াতের সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করবে।
এমএআর/
