কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হুজাইফা সুলতানা আফনান (৯) চিকিৎসাধীন অবস্থায় ২৭ দিন পর মারা গেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে শিশুটি মারা যায়।
হুজাইফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মোহাম্মদ এরশাদ। তিনি জানান, ১০ জানুয়ারি রাতে সীমান্তের ওপারে টানা গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরদিন সকালে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় শিশুটি খেলতে বাইরে বের হয়। এ সময় আবারও গোলাগুলি শুরু হলে একটি গুলি এসে হুজাইফার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেদিন রাতেই সেখান থেকে নিউরোসায়েন্স হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
মোহাম্মদ এরশাদ বলেন, “আইসিইউর চিকিৎসকেরা আমাদের জানিয়েছেন, গুলিটি হুজাইফার মস্তিষ্কে প্রবেশ করেছিল। দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।”
এমএআর/
