আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারে যুক্ত হওয়ার পর থেকেই নজিরবিহীন সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে কুৎসা, নারীবিদ্বেষী মন্তব্য, চরিত্রহনন ও হুমকি ছড়ানো হচ্ছে। তার দাবি, জামায়াত-সমর্থিত জোটের পক্ষে দাঁড়িপাল্লার প্রচারে যুক্ত হওয়ার পর থেকেই এসব অনলাইন আক্রমণ কয়েকগুণ বেড়েছে।
ডা. মাহমুদা মিতু বলেন, “জামায়াতকে সাপোর্ট দিয়ে দাঁড়িপাল্লার প্রচারণায় যুক্ত হওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে প্রতিপক্ষের নোংরামি আর সাইবার বুলিং ভয়াবহভাবে বেড়েছে। আমার প্রতি করা প্রতিটি হ্যারাসমেন্ট ও কুরুচিপূর্ণ মন্তব্যের দায় যারা নিয়ন্ত্রণে রাখতে পারছে না, তাদের এ দায় নিতে হবে।”
তিনি আরো বলেন, “আমি ভয় পাই না। একজন নারী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই প্রতিকূলতার মধ্য দিয়েই আমাকে এগোতে হবে। গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, কিন্তু মতের কারণে নারীদের এভাবে হেনস্তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি জানান, সাইবার সহিংসতার বিরুদ্ধে আইনগত ও সামাজিকভাবে প্রতিবাদ চালিয়ে যাবেন এবং নির্বাচনে নারী রাজনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এমএআর/
