জামালপুরের ৬২৩টি কেন্দ্রে ১ হাজার ৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ১ হাজার ৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্য মোতায়েনের আনুষ্ঠানিক ঘোষণা দেন জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, জেলার ৫টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ৭টি উপজেলায় মোট ৬২৩টি ভোটকেন্দ্রে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১ হাজার ৬৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। কেন্দ্রের গুরুত্ব ও ঝুঁকি বিবেচনায় প্রতিটি কেন্দ্রে এক থেকে তিনজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

এ ছাড়াও মাঠ পর্যায়ে ২০টি স্ট্রাইকিং টিম ও ৬৫টি মোবাইল টিম দায়িত্ব পালন করবে। প্রথমবারের মতো ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা এবং অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে অনলাইন বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশের পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222