গেটে তালা, পরে ভাঙচুর—জামালপুর বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও বৈষম্যের অভিযোগে ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ দাবির আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।

বিজ্ঞাপন
banner

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ‘বিশ্ববিদ্যালয় রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ে নতুন করে বৈষম্য সৃষ্টি হয়েছে। ডিপিপির নামে কালক্ষেপণ, অর্থ অপচয় ও কর্মপরিবেশ নষ্ট করা হয়েছে। তারা ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ দাবি করেন।

এ সময় সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারীদের ব্যানার সরিয়ে দেন এবং গেটে ঝোলানো তালা ভেঙে ফেলেন। শিক্ষার্থীদের দাবি, সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয়। তাদের নাম ব্যবহার করে আন্দোলনকে যৌক্তিক প্রমাণের চেষ্টা করা হয়েছে।

পরে পরিস্থিতি শান্ত করতে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তবে আলোচনা চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে।

আন্দোলনের কারণে সারাদিন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় প্রায় অর্ধশতাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।

এ বিষয়ে প্রো-ভিসি ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222