রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে প্রাণ হারানো উত্তর কোরীয় সেনাসদস্যদের পরিবারের জন্য পিয়ংইয়ংয়ে নির্মিত একটি আধুনিক আবাসিক এলাকার শুভ উদ্বোধন করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং-উন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। বিশেষ এই উদ্বোধনী অনুষ্ঠানে কিমের সঙ্গে তার কন্যা কিম জু-এ উপস্থিত ছিলেন।
কেসিএনএ জানিয়েছে, নবনির্মিত এই আবাসিক এলাকার উদ্বোধনকালে কিম জং-উন নিহত সেনাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এক আবেগঘন বক্তৃতায় তিনি বলেন, এই নতুন আবাসন প্রকল্প সেসব বীর সেনাদের মহান ত্যাগের প্রতীক, যারা বিদেশের মাটিতে দেশের সম্মান রক্ষায় প্রাণ দিয়েছেন। কিম আরও উল্লেখ করেন, এই ঘরগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে শোকাহত পরিবারগুলো তাদের হারানো পুত্র ও স্বামীদের বীরত্ব নিয়ে গর্ব করতে পারে এবং সমাজের বুকে মর্যাদার সঙ্গে স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে পারে। পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি নির্ধারিত সময়ের একদিন আগেই প্রকল্পের কাজ শেষ করার বিশেষ নির্দেশ দিয়েছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালে রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় উত্তর কোরিয়া প্রায় ১৪ হাজার সেনাসদস্যকে ইউক্রেন যুদ্ধে পাঠায়। দক্ষিণ কোরিয়া, ইউক্রেন এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার ৬ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। বিপুল সংখ্যক এই প্রাণহানির ঘটনায় অভ্যন্তরীণ অস্থিরতা সামাল দিতে পিয়ংইয়ং বর্তমানে নানামুখী প্রচারণা ও জনহিতকর কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি পিয়ংইয়ংয়ে বিশাল ভাস্কর্য সম্বলিত একটি নতুন স্মারক কমপ্লেক্সেরও উদ্বোধন করা হয়েছে।
টিএইচএ/
