রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে গাজীপুরের কালিগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে অতিরিক্ত মূল্য আদায় ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে চার ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কালিগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি মামলা করা হয়। এছাড়া লাইসেন্স নবায়ন না থাকায় স্থানীয় সরকার (পৌরসভা) আইনে একটি মামলা দায়ের করা হয়।
চারটি মামলায় মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এর মধ্যে মামুন স্টোরের মালিক মো. মামুন মিয়াকে ৫ হাজার টাকা, সুজন স্টোরের মালিক সুজনকে ৫ হাজার টাকা, কামাল মুরগি ভান্ডারের মালিক কামালকে ৫ হাজার টাকা এবং মেসার্স সাহা ব্রাদার্সের মালিক রতন সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম জানান, অভিযানের সময় থানা পুলিশ উপস্থিত ছিল। বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এমএআর/
