গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নে ভিজিএফের চাল না পাওয়ার অভিযোগে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ কার্ডধারীরা।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঠুটিয়াপুকুর এলাকায় ওই ইউনিয়নের ভিজিএফ বঞ্চিত সুবিধাভোগী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার দ্রুত অপসারণ দাবি করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি স্লিপ থাকা সত্ত্বেও অনেক সুবিধাভোগী তাদের প্রাপ্য চাল পাননি। এমনকি প্রাপ্য চালের দাবি নিয়ে গেলে কয়েকজন কার্ডধারী চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হয়েছেন বলেও গুরুতর অভিযোগ উঠেছে। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে মাত্র ৫ থেকে ৬ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ সময় ইউপি সদস্য বাবু মিয়া এবং ভুক্তভোগী শাহিনুর খাতুন ও পারভিন খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, গরিব মানুষের হকের চাল আত্মসাৎ করা এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সড়ক অবরোধের ফলে ওই রুটে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্তের আশ্বাস দিলে বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এর আগে গত রবিবার (১৫ মার্চ) একই দাবিতে উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় মহাসড়ক অবরোধ করেছিলেন স্থানীয়রা। ওই সময় চেয়ারম্যানকে মারধরের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে সকল অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল সরকার জানান, তার ইউনিয়নে ৫ হাজার ২০০টি স্লিপের বিপরীতে বরাদ্দ থাকলেও বিতরণের সময় হিসাব অনুযায়ী ৫ হাজার ৯৭৪টি স্লিপ জমা পড়ে। বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় অবশিষ্টদের চাল দেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিএইচএ/
