কুনারে পাকিস্তানের গোলাবর্ষণে বাস্তুচ্যুত ৮ হাজার আফগান পরিবার

by hsnalmahmud@gmail.com

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান-এর কুনার প্রদেশে কথিত ডুরান্ড লাইনে পাকিস্তানি বাহিনীর টানা গোলাবর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে টোলো নিউজ।

বুধবার (২৫ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গোলাবর্ষণে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। নিরাপত্তাহীনতায় তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না।

বিজ্ঞাপন
banner

স্থানীয় বাসিন্দা ইকরারউদ্দিন মালাংজাই অভিযোগ করেন, আহত ও নিহতদের দাফনের জন্য বের হলেও পাকিস্তানি বাহিনীর গুলির মুখে পড়তে হচ্ছে। তিনি বলেন, কবরস্থানে পৌঁছানোর পরও তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

আরেক বাসিন্দা জাকিরুল্লাহ জানান, এর আগেও একাধিকবার গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তার আত্মীয়দের বাড়িসহ আশপাশের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাড়ি জেলার বাসিন্দা ইরফানুল্লাহ বলেন, গোলার আঘাতে তার বসতভিটা মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। পরিবারের সঙ্গে কথা বলার সময়ই একটি গোলা এসে তাদের বাড়ির মাঝখানে আঘাত হানে।

আরেক ইরফানুল্লাহ জানান, গোলাটি আঘাত হানার কয়েক মিনিট আগেই তিনি নিচে নেমে আসেন। এরপরই বিস্ফোরণে বাড়ির একটি অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং অন্যান্য অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি গোলাবর্ষণে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও বিভিন্ন এলাকায় থেমে থেমে হামলা চলছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

কুনারের দুর্যোগ প্রস্তুতি ও প্রতিক্রিয়া বিভাগের প্রধান সাবেতুল্লাহ সিদ্দিকি জানান, প্রায় ৬০০টি ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং বাস্তুচ্যুত পরিবারগুলো নদীর তীর ও পাহাড়ি ঢালে আশ্রয় নিয়েছে।

এদিকে কুনার তথ্য ও সংস্কৃতি বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় নাড়ি জেলায় ১৭টি এবং মানুরা এলাকায় আরও ৭টি গোলা নিক্ষেপ করেছে পাকিস্তানি বাহিনী।

কর্মকর্তাদের দাবি, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেসামরিক মানুষের ঘরবাড়ি ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। সূত্র: টোলো নিউজ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222