রাজধানীর অদূরে সাভারের হেমায়েতপুরস্থ চান্দুলিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামি’আ ইসলামিয়া হারুনিয়ায় ১৪৪৭-৪৮ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। নূরানী থেকে শুরু করে দাওরা হাদিস (তাকমীল) জামাত সহ ইফতা পর্যন্ত সকল বিভাগে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হচ্ছে।
মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৬ মার্চ (৬ শাওয়াল) থেকে শুরু হয়ে ৯ শাওয়াল পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলবে। ভর্তি কার্যক্রম শেষে আগামী ১০ শাওয়াল (৩০ মার্চ, সোমবার) বাদ এশা ছাত্রদের সিট বণ্টন করা হবে। পরবর্তী কর্মসূচি অনুযায়ী ১১ শাওয়াল (৩১ মার্চ, মঙ্গলবার) সকাল ১০টায় কিতাব বিতরণ এবং ১২ শাওয়াল (১ এপ্রিল, বুধবার) বাদ ফজর থেকে নিয়মিত সবক বা ইফতিতাহ অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হবে।
সাভারের এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে বরাবরের মতোই কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড) এর অধীনে অনুষ্ঠিত ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় জামি’আ ইসলামিয়া হারুনিয়ার শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী পাস করার পাশাপাশি ১০ জন মেধাতালিকায় স্থান করে নিয়েছে। এছাড়া ৩৩ জন পরীক্ষার্থী মুমতায (স্টার মার্ক) এবং ১৭ জন জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) পেয়ে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে প্রায় ৫০০-এর অধিক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে দ্বীনি ইলম অর্জন করছে।
মাদরাসার পরিচালক মাওলানা আলী আশরাফ তৈয়ব জানান, মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক চরিত্র গঠনে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে।
ভর্তি ফি ও মাসিক খরচের বিষয়ে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে, নতুন ও পুরাতন উভয় প্রকার ছাত্রদের জন্য ভর্তি ফি ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আবাসিক শিক্ষার্থীদের মাসিক খরচ ৩২০০ টাকা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ১২০০ টাকা ধার্য করা হয়েছে। তবে বরাবরের মতোই এতিম ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন মুফতি আব্দুল আহাদ রাহমানী।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৭১২-৮৩৩৭২১ এবং ০১৬২৭-১৯৬০১৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
যাতায়াত: গাবতলী বা সাভার থেকে বাসে এসে হেমায়েতপুরের আলমনগর হাউজিং নেমে রিকশা বা পায়ে হেঁটে চান্দুলিয়া কবরস্থান সংলগ্ন এই মাদরাসায় পৌঁছানো যাবে।
দ্বীনি শিক্ষা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত ভর্তি সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
টিএইচএ/
