আফগানিস্তানে মোতায়েন থাকাকালীন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত অস্ট্রেলিয়ার সাবেক বিশেষ বাহিনীর আলোচিত কর্মকর্তা বেন রবার্টস-স্মিথ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। জামিনে মুক্তি পাওয়ার পর এক বিবৃতিতে তিনি দাবি করেন, আফগানিস্তানে সামরিক অভিযানের সময় তিনি ‘রুলস অব এনগেজমেন্ট’ বা যুদ্ধের নিয়ম মেনেই কাজ করেছেন এবং তিনি এই মামলা থেকে নিজের নাম কলঙ্কমুক্ত করতে চান।
রবার্টস-স্মিথ জানান, গত দশ বছর ধরে তিনি এবং তার পরিবার একটি পরিকল্পিত প্রচারণার লক্ষ্যবস্তু হয়েছেন, যার উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার জনগণের কাছে তাকে অপরাধী হিসেবে উপস্থাপন করা। তিনি আরও যোগ করেন, আফগানিস্তানে থাকাকালীন তিনি তার মূল্যবোধ, প্রশিক্ষণ এবং যুদ্ধের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। তবে গত সপ্তাহে তার একজন সহকর্মী সেনাসদস্য সাক্ষ্য দিয়েছেন যে, স্মিথ আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়ে যুদ্ধাপরাধ সংঘটিত করেছিলেন। এই বৈপরীত্যের মধ্যেই গত ১৭ তারিখ সিডনি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
বেন রবার্টস-স্মিথ অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর একজন পদকপ্রাপ্ত কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে আফগানিস্তানে পাঁচটি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। প্রতিটি অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।
তথ্যসূত্র: টোলো নিউজ
টিএইচএ/
