ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছাতে শুরু করেছে মার্কিন প্রতিনিধিদল।
সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত নূর খান বিমানঘাঁটিতে অন্তত ৬টি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে। এসব বিমানে উচ্চপদস্থ কর্মকর্তাদের যাতায়াতের জন্য যোগাযোগ সরঞ্জাম, সহায়ক যানবাহন এবং প্রয়োজনীয় রসদ রয়েছে বলে জানা গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নূর খান বিমানঘাঁটিটি ইসলামাবাদের ভিআইপি অতিথিদের প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়, যা মূলত মার্কিন প্রতিনিধিদলের সফরের প্রস্তুতিমূলক অংশ।
সূত্রমতে, গত ৪৮ ঘণ্টার মধ্যে ৪টি বিমান পৌঁছালেও আজ নতুন করে আরও দুটি বিমান অবতরণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছাবেন। এই দলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন যে, প্রতিনিধিদলে ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ দুই উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও রয়েছেন। গত সপ্তাহের প্রথম দফার আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ার পর এই দ্বিতীয় দফার বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
তবে এই আলোচনা শুরু হওয়ার আগেই চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর আরোপিত নৌ-অবরোধ তুলে না নেয়, তবে তেহরান কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না। বিশেষ করে সোমবার ওমান উপসাগরে মার্কিন নৌ-বাহিনীর হাতে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই উত্তেজনার মধ্যে ইরানের অংশগ্রহণের বিষয়টি ঝুলে থাকায় ইসলামাবাদের আসন্ন বৈঠক সফল হওয়া নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে।
টিএইচএ/
