দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের সোনামুখী ও শৌলা এলাকার মাঝামাঝি স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ ট্রাকের চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আলু বোঝাই একটি ট্রাক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভূষি বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে আলু বোঝাই ট্রাকটি রাস্তার পাশে নিচু জমিতে উল্টে যায় এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হন। ঘটনার পরপরই স্থানীয় জনতা উদ্ধার কাজে এগিয়ে আসেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি দল। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আলু ও ভূষি বোঝাই ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাআমা/
